ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) পৃথক পৃথক বিবৃতির মাধ্যমে এই তিন দেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়।
এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন,
\"শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করতে, আমি আজ স্পষ্টভাবে জানাচ্ছি—এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার বিবৃতিতে বলেন,
\"বর্তমান ইসরাইলি সরকার সুসংগঠিতভাবে এমন নীতি অনুসরণ করছে, যাতে কোনোদিন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়। তারা পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। গাজায় চালানো হামলায় লক্ষাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং এক ভয়াবহ ও প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হয়েছে।”
তিনি আরও বলেন,
\"ইসরাইলি সরকারের ঘোষণা অনুযায়ী, তাদের উদ্দেশ্যই হলো—ফিলিস্তিন রাষ্ট্র যেন না হয়। এই প্রেক্ষাপটে, কানাডা আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং আমরা উভয় রাষ্ট্রের (ইসরাইল ও ফিলিস্তিন) শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিচ্ছি।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে বলেন,
\"কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে একত্রে, আমরা দ্বি-রাষ্ট্র সমাধানে নতুন গতি সৃষ্টির লক্ষ্যে আজকের এই স্বীকৃতির ঘোষণা দিয়েছি। এটি একটি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ।”
এই সিদ্ধান্তকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথকে নতুনভাবে উন্মোচন করতে পারে।





