ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও ২৮ জন নিখোঁজ রয়েছেন।
\r\nসোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে, যখন এমভি ত্রিশা কার্স্টিন–৩ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা শহর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। ফেরিটিতে রেকর্ড অনুযায়ী ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন।
\r\nউপকূলরক্ষী বাহিনীর তথ্যমতে, বন্দর ছাড়ার প্রায় চার ঘণ্টা পর ফেরিটি বিপদ সংকেত পাঠায় এবং বাসিলানের বালুক-বালুক দ্বীপের কাছে ডুবে যায়। উদ্ধারকাজে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডের বিমান, ড্রোন ও কুকুর ইউনিট মোতায়েন করা হয়েছে।
\r\nউদ্ধার পাওয়া আহতদের বাসিলান প্রদেশের ইসাবেলা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
\r\nকর্তৃপক্ষ জানিয়েছে, ফেরি ডুবে যাওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ফিলিপাইনে খারাপ আবহাওয়া, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এ ধরনের নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে।





