বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বছর প্রথমবারের মতো চালু করেছে শান্তি পুরস্কার। উদ্বোধনী এই সম্মান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে তার হাতে পদক, সার্টিফিকেট এবং বিশাল সোনালি ট্রফি তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
ইনফান্তিনো জানান, পুরস্কারটি এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন এবং মানুষকে একসূত্রে বেঁধেছেন। সাম্প্রতিক সময়ে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের একাধিক বৈঠক ও উপস্থিতি দেখে অনেকেই ধারণা করেছিলেন যে তিনিই হবেন প্রথম প্রাপক।
পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তিনি বহু জীবন রক্ষা করেছেন এবং সম্ভাব্য বেশ কয়েকটি যুদ্ধ শুরু হওয়ার আগেই থামাতে সক্ষম হয়েছেন। তার ভাষায়, এটি তার জীবনের অন্যতম বড় সম্মান।
এ সময় তিনি দাবি করেন, আসন্ন বিশ্বকাপের টিকেট বিক্রি নতুন রেকর্ড তৈরি করেছে। ট্রাম্প বলেন, সংখ্যাটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি এবং ফুটবলের প্রতি বৈশ্বিক আগ্রহ আরও বেড়েছে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে নিরাপদ এবং বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। অনুষ্ঠানের আরেক পর্যায়ে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মঞ্চে ওঠেন এবং পরে ইনফান্তিনোর তোলা সেলফিতেও অংশ নেন।
ফুটবলের নাম নিয়ে হাস্যরস করতে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকান ফুটবল লিগ এনএফএলের জন্য নতুন নাম ভাবতে হতে পারে, কারণ বিশ্ব যে খেলাকে ফুটবল বলে, যুক্তরাষ্ট্রে সেটাই সকার নামে পরিচিত। তার মতে, নামটি মানানসই নয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।





