বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে জানা গেছে, নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের শিক্ষা ক্যাডারে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের নোয়াখালীর কবিরহাট উপজেলার একটি শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ২০১৮ সালে সিজিপিএ ৪.০০ নিয়ে ফাজিল (স্নাতক) ডিগ্রি অর্জন করেন এবং ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি সম্পন্ন করেন, ৪.৭৫ জিপিএ সহ। ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তিনি বিভিন্ন সময়ে দশটির বেশি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ২০২৪ সালে উপজেলা ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রথম স্থান অর্জন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইখতিয়ার বলেন, “আলহামদুলিল্লাহ, এই সাফল্য আমার পিতা-মাতা, শিক্ষক ও পরিবারের সকলের দোয়া ও পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর ছয় বছরের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ আমাকে পেশাদারিত্ব ও মানসিক স্থিতিশীলতা প্রদর্শনে সহায়ক হয়েছে।”
তার এই সাফল্যে এলাকায় ও কবিরহাট উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, ইখতিয়ারের এ অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো নোয়াখালী জেলার জন্য গর্বের বিষয়।
পিএসসি থেকে জানানো হয়েছে, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকটি পদে যোগ্য প্রার্থী না থাকায় ১৫টি পদে মনোনয়ন সম্ভব হয়নি।





