ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, ভোটগ্রহণ, ফলাফল গণনা ও ঘোষণা যদি নির্বিঘ্নে হয়, তাহলে যে ফলই আসুক তা মেনে নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


\r\n

তিনি জানান, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

\r\n

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না তা শুধু ফলাফলের ওপর নির্ভর করে না, বরং পুরো প্রক্রিয়ার ওপর নির্ভর করে। নির্বাচন কমিশনের প্রতিশ্রুত সিসিটিভি কভারেজ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত হয়েছে কি না, ভোটদানের সময় কোনো বাধা বা হয়রানি হয়েছে কি না এবং ভোট গণনা ও ফল ঘোষণা প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ হয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিতে হবে।

\r\n

তিনি অভিযোগ করেন, যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর কিছুতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে কোথাও কোথাও ক্যামেরা না লাগিয়েই ফিরে যাওয়ার তথ্যও পেয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া কিছু পর্যবেক্ষক ও সমর্থককে হয়রানির অভিযোগও তুলে ধরেন, যদিও এসব ঘটনাকে তিনি বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন।

\r\n

ঢাকা-১৪ আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৫০,৭৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২৮,১০৯ জন, নারী ভোটার ২,২২,৬৩০ জন এবং হিজড়া সম্প্রদায়ের ভোটার ৪ জন।