ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে প্রাথমিক কাঠামো চূড়ান্ত করে নতুন কমিটি গঠন করা হয়।


নবনির্মিত কমিটিতে হাসিবুর রহমান অপু ঠাকুরকে আহ্বায়ক এবং সাইফ হাসান খান (সাকিব) কে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আক্তার হোসেন। যৌথ স্বাক্ষরের মাধ্যমে ফরিদপুর জেলা কমিটি আগামী ছয় মাসের জন্য কার্যকর হবে।


আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। সদস্যসচিব সাইফ হাসান খান সাকিব ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা এবং ফরিদপুরের জুলাইযোদ্ধা।


কমিটিতে মো. বায়োজিদ হোসেন শাহেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে ১৩ জনকে, যুগ্ম সদস্যসচিব পদে ৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে সাজিদ মণ্ডল, এবং জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির ২৯ এপ্রিলের সংগঠক সৈয়দা নীলিমা দোলাকে ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। মোট ৬৫ জন নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।


আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, “ফরিদপুরে নাগরিক উদ্যোগ ও সামাজিক উন্নয়নকে আরও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের যুক্ত করে একটি সক্রিয় নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।”


সদস্যসচিব সাইফ হাসান খান সাকিব বলেন, “কমিটি দ্রুত সাংগঠনিক পুনর্গঠন করবে এবং ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে উপকমিটি গঠনের কাজ শুরু করবে। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের সমস্যা ও সামাজিক ইস্যুগুলো সামনে রেখে এনসিপিকে আরও জনমুখী করা হবে।”