জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ এখন স্বাভাবিক রয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান কিছু ভুল বোঝাবুঝির কারণে ভোট সাময়িকভাবে বন্ধ ছিল। এখন ভোট গ্রহণ পুনরায় শুরু হয়েছে।


এর আগে ফজিলাতুন্নেসা হলে ভোট কারচুপির অভিযোগ ওঠে। শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ও ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রে উপস্থিত হন। ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে কিছু নারী শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।


এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। অংশগ্রহণকারী প্যানেলের সংখ্যা আটটি, যার মধ্যে রয়েছে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র।


ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে ২১টি হল, ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।


ছাত্র হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার সংখ্যা ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বরকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, ১০ নম্বর ছাত্র হলে ৫২২, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমেদ হলে ৯৪৭।


ছাত্রী হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯, জাহানারা ইমাম হলে ৩৬৭, প্রীতিলতা হলে ৩৯৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৩, সুফিয়া কামাল হলে ৪৫৬, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১, রোকেয়া হলে ৯৫৬, ফজিলাতুন্নেসা হলে ৭৯৮ এবং তারামন বিবি হলে ৯৮৩ ভোটার রয়েছেন।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

ভোট শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে এক হাজার ৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে অবস্থান করছে।