বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দল বিব্রত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ কারণেই তাঁর দলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, \"যে যত বড় নেতাই হোক না কেন, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত অবস্থান বা মন্তব্য গ্রহণযোগ্য নয়। এর দায় দল নেবে না।\"

তিনি বলেন, \"ফজলুর রহমান একজন সম্মানিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী নেতা। তাঁকে আমরা সম্মান করি। তবে যেটা তিনি বলেছেন, তা তাঁর একান্তই ব্যক্তিগত মত। দলীয় শৃঙ্খলার স্বার্থে এমন বক্তব্য জনসমক্ষে আসা অনুচিত।\"

সংবাদ সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠন 'জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল'-এর প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, এই সংগঠন ২০০৭ সাল থেকে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে এবং ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর থেকে দলের স্বীকৃতি ও অনুমোদন পায়।

তিনি আরও বলেন, “দলের সব কর্মসূচি—মানববন্ধন, পদযাত্রা, আন্দোলন—এ সক্রিয়ভাবে অংশ নিয়েছে এই সংগঠনের নেতাকর্মীরা। ভবিষ্যতেও বিএনপির ঘোষিত সব কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে।”