বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, পদ স্থগিতের চিঠি ফজলুর রহমানকে পাঠানো হবে।
পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেছিলেন। পরে সোমবার আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল। কিন্তু আজ যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক হয়নি।
তবুও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর ব্যবস্থা না নিয়ে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
\r\n\r\n\r\n\r\n
চিঠিতে সতর্ক করা হয়েছে, এই সময়টাতে ফজলুর রহমান টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা রক্ষা করবেন এবং জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না হওয়ার বিষয়টি সর্বদা খেয়াল রাখবেন।
\r\n




