জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না।”
\r\nবুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সহযোগী তিন সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
\r\nরাকিবুল ইসলাম সমাবেশে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাঁর পরিবার ও ছাত্রদল। তিনি বলেন, “ডিএমপি কমিশনার হত্যার বিষয়ে যে বিবৃতি দিয়েছেন, তা সত্যকে আড়াল করার চেষ্টা। আমরা শাহরিয়ারের হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
\r\nতিনি আরও জানান, শাহরিয়ারের হত্যার প্রতিবাদে ছাত্রদলের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। “বিগত ১৫ বছরে ছাত্রদলের বহু নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন। এসব ঘটনার বিচার না হলে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তির আওতায় না আনলে আমরা প্রয়োজন হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।”
\r\nতিনি আরও অভিযোগ করেন, সরকারি তিতুমীর কলেজে ‘গুপ্ত সংগঠনের’ সদস্যরা অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল কর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের ওপরও হামলা হয়েছে।
\r\nছাত্রদল সভাপতি তাঁর বক্তব্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দমন-পীড়নের অভিযোগ আনেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।





