যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার সচিব পদমর্যাদার ভাতা স্পষ্টীকরণের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। গত ২৫ নভেম্বর তিনি তথ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি জমা দেন। আবেদনপত্রটির কপি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। আবেদনে গোলাম মোর্তোজা উল্লেখ করেন, ১৯ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ওয়াশিংটন দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে সচিব পদমর্যাদায় দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। চুক্তিতে মাসিক মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সচিব পদমর্যাদার আনুষঙ্গিক সুবিধা দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু দূতাবাসে প্রেস মিনিস্টারের পদটি যুগ্মসচিব পদমর্যাদার হওয়ায় ভাতা এখনো সেই মর্যাদায় প্রদান করা হচ্ছে। ফলে সচিব পদমর্যাদার মূল বেতন পেলেও ভাতা পাচ্ছেন যুগ্মসচিবের স্কেলে। তিনি আরও জানান, সচিব পদমর্যাদার ভাতা নির্ধারণ না থাকায় তিনি বিদেশ ভাতা, আপ্যায়ন ভাতা এবং ফার্নিচার ভাতা কম পাচ্ছেন। বর্তমানে তিনি যুগ্মসচিব পর্যায়ের সুবিধা হিসেবে বিদেশ ভাতা ৩২৪,৮৮২.৩৬ টাকা, আপ্যায়ন ভাতা ৮৯,১৩৫.৬৪ টাকা এবং ফার্নিচার ভাতা ১০৩,০৫৫.১৭ টাকার সমপরিমাণ ডলার পাচ্ছেন। গোলাম মোর্তোজা আবেদনপত্রে দাবি করেন, চুক্তিপত্র ও অর্থ বিভাগের মতামত অনুযায়ী সচিব পদমর্যাদার ভাতা টাকার অঙ্কসহ নির্ধারণ করে যোগদানের তারিখ থেকে তা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
সংবাদ লোড হচ্ছে...





