পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পরিচয় দিয়েছিলেন মোস্তাফিজার রহমান। সেই ভুয়া পরিচয় ধরে রাখতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়েছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব বিপণী বিতান থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। মোস্তাফিজার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরে বিপণী বিতানের তৃতীয় তলার একটি দোকানে গিয়ে তিনি নিজেকে এএসপি পরিচয় দেন এবং একটি পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। তবে কার্ড নেওয়ার সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এএসপি পরিচয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি ওই তরুণী তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি ভুয়া আইডি কার্ড বানাতে রংপুরে আসেন। তিনি আগের দিন সোমবার থেকে নগরীর একটি হোটেলে অবস্থান করছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, আটক ব্যক্তির পরিবার বলেছে, তিনি গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





