দিনাজপুরের ফুলবাড়ীতে জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগানো ও ভোক্তা হয়রানির অভিযোগ তুলে প্রি-পেইড (স্মার্ট) বিদ্যুৎ মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ফুলবাড়ি নাগরিক সমাজের আহবায়ক মোঃ হামিদুল হক লিখিত অভিযোগ গুলো পড়েন, তিনি আরও বলেন, সেবার নামে নেসকোর হয়রানি বন্ধ করতে হবে। নেসকোর দূর্বল সেবা, সেবার নামে ঘুষ দূর্ণীতি ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। সংবাদ সম্মেলনে ৮টি সুনির্দিষ্ট দাবী উত্থাপন করেন।
বক্তারা বলেন, সরকারের নির্দেশনা ছাড়া সাধারণ মানুষের ওপর এই ব্যয়বহুল ও অকার্যকর মিটার চাপিয়ে দেওয়া অন্যায়। অবিলম্বে প্রি-পেইড মিটার সংযোগ বন্ধ ও পূর্বের পোস্টপেইড মিটার চালু করার দাবি জানান তারা।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন।





