আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১০ জানুয়ারি ১ থেকে ৭০, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি হবে।
শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) একদিনেই জমা পড়ে ১৭৬টি আপিল। গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হয়।





