জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিশু বরণ অনুষ্ঠান, দেয়াল পত্রিকা উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুম উদ্বোধন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের অনিবার্য চাহিদা। প্রাথমিক স্তর থেকেই ডিজিটাল পাঠদান নিশ্চিত করতে না পারলে শিক্ষার আধুনিকায়ন থমকে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে।”



বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী,
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন,
জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার,
এবং জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা ছাড়া প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব নয়। শিশুদের সৃজনশীলতা বিকাশ, শৃঙ্খলাবোধ জাগ্রত করা এবং বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমকে গতিশীল করতে স্মার্ট ক্লাসরুম ও দেয়াল পত্রিকার মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে গণভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গণসচেতনতামূলক প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও অভিভাবকদের নাগরিক দায়িত্ব পালনে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো সময়জুড়ে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।