জয়পুরহাট প্রতিনিধি: তিন দফা দাবিতে চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় জয়পুরহাটের ক্ষেতলালের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


নোটিশে উল্লেখ করা হয়, আন্দোলন কর্মসূচি স্থগিতের সরকারি আশ্বাস সত্ত্বেও মাহবুবর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন এবং ১ ডিসেম্বর শুরু হওয়া তৃতীয় প্রান্তিক পরীক্ষা বর্জনের আহ্বান জানান। এতে শিক্ষার্থীদের পাঠক্রম ব্যাহত হয় এবং অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যা সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়।


এদিকে লাগাতার কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায়ে সহকারী শিক্ষকরা ৩ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) অফিসের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।