দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাবে সম্মতি প্রদান করা হলো।

নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রধান শিক্ষকদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০), যা পূর্বে ছিল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১১)। পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পূরণযোগ্য থাকবে।

অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নীত বেতন গ্রেড কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাইয়ের শর্তাবলী প্রতিপালন করতে হবে। পাশাপাশি প্রশাসনিক মন্ত্রণালয়কে পদ মঞ্জুরি আদেশ (জি.ও) জারি করে তা ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পৃষ্ঠাঙ্কন করাতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা ও বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার পরই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।