সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়িয়ে ১০ম (গেজেটেড কর্মকর্তা) গ্রেডে উন্নীত করা হয়েছে। এর ফলে প্রধান শিক্ষকদের মূল বেতন ধাপ শুরু হবে ১৬,০০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ হবে ৩৮,৬৪০ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। জানা গেছে, প্রজ্ঞাপনটি ১৫ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। এর আগে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে শুরু হতো ১২,৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ ছিল ৩০,২৩০ টাকা।

মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রশাসনিক আদেশ অনুযায়ী, ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদোন্নতির ফলে প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এতে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সক্রিয় ও সৃজনশীল ভূমিকা পালন করতে পারবেন।

উল্লেখ্য, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবির ব্যাপারে সর্বোচ্চ আদালতের রায় ছিল ইতিমধ্যেই, তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানো হয়েছিল। এরপর সব ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করার প্রক্রিয়া শুরু হয় এবং প্রজ্ঞাপন জারি করে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে (শুরুতে ১১,০০০ টাকা) রয়েছে। তাদের বেতন গ্রেড ১১তম করার বিষয়ে প্রস্তাব বর্তমানে জাতীয় বেতন কমিশনের বিবেচনায় রয়েছে।

দেশে মোট ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক সংখ্যা পৌনে চার লাখ এবং সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি, বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।