সরকার প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগসহ পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি বা নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত হবেন।
অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদরাসা শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খানকে একই বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মো. আব্দুল মান্নানকে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।





