প্রবীণ রাজনীতিক, বামপন্থি চিন্তাবিদ ও গবেষক বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুদ্দীন উমর। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সময়ে তিনি দক্ষ বিশ্লেষকের ভূমিকা রাখেন।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক উচ্চবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা আবুল হাশিম ছিলেন অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ ও মুসলিম লীগের সাধারণ সম্পাদক।





