আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এই বিশাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী সোমবার, ১৬ মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় উদ্বোধন করবেন।
প্রথম ধাপে ৫৪টি জেলায় খনন কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সমন্বয় রেখে একই দিনে বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় উদ্বোধন করবেন।
সূত্র জানায়, প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খরা, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহায়ক ভূমিকা গ্রহণ করা।





