প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির এক বছরের কার্যকাল উপলক্ষে অভিনন্দন জানান এবং বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও উন্নয়নে তার প্রচেষ্টা ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো—বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে ১২ দফা নির্দেশনা, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম।
সাক্ষাৎকালে সারাহ কুক আশাবাদ প্রকাশ করেন, ভবিষ্যতে দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।





