সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, \"ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন।\"

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির লিখেন, \"এ বি এম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি সেই দায়িত্বের মর্যাদা রক্ষা করেননি, বরং হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক অপশক্তির হাতে গুম, খুন, লুণ্ঠনের লাইসেন্স তুলে দিয়েছিলেন।\"

তিনি আরও বলেন, \"এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে পূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশেষে তাকে গ্রেপ্তার করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি প্রত্যাশা করে। আমরা কেবল ন্যায়বিচারই চাই।\"

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

প্রসঙ্গত, এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তিনি ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন।