সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপথগ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।


প্রজ্ঞাপনটির তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫। আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রজ্ঞাপনে মঙ্গলবারের তারিখ উল্লেখ থাকলেও এটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।


এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণকারী বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছরে পা দেবেন। ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তিনি ২০২৮ সালের ১৮ মে ৬৭ বছরে পা দেবেন।


বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন।


তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি স্থায়ী বিচারপতি হন। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।