অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, কোন কোন রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিচ্ছে।

এর আগে, গত রোববার প্রধান উপদেষ্টা পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকগুলোতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার মতে, কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোঁজে, তা হলে তা হবে জাতির জন্য মারাত্মক বিপজ্জনক।