বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিদারুলের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
প্রধান উপদেষ্টা বলেন, “পত্রিকায় ঘটনাটি পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে দেখেছি নিউইয়র্কে তাঁর শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন তিনি। নিউইয়র্ক সফরে আসার পরিকল্পনা করার সময়ই ভেবেছি, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।”
পরিবার জানায়, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তাঁর দুটি সন্তান রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এক বন্দুকধারী বহুতল ভবনে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে পুলিশ কর্মকর্তা দিদারুল হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করে।





