প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এ সময় তিনি প্রধান উপদেষ্টার দেওয়া চাকরির প্রস্তাব গ্রহণ করেননি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান শম্পা।
\r\nপোস্টে তিনি লেখেন, দুপুর ১২টায় ড. মুহাম্মদ ইউনূস তাকে ও তার সন্তান ফিরনাসকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। সাক্ষাতে যাওয়ার পথে ‘ইনকিলাবের ভাইবোনদের ওপর নির্যাতনের’ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে সরকারের ভেতরে এখনও এক পক্ষের তৎপরতা স্পষ্ট হয়।
শম্পা জানান, সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল ফিরনাসের দেখাশোনার বিষয়ে ড. ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির লিখিত কাগজ হস্তান্তর। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানান, তার স্বামীর হত্যার সঠিক বিচার নিশ্চিত না হলে কোনো ধরনের সুবিধা গ্রহণ করা হবে না।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ড. মুহাম্মদ ইউনূস তাকে আশ্বস্ত করেছেন যে, তার হাতে যতটুকু সুযোগ আছে, এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও, হাদির হত্যার সঠিক বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। সাম্প্রতিক হামলার ঘটনাতেও তিনি দুঃখ প্রকাশ করেন।
চাকরির প্রস্তাব প্রসঙ্গে শম্পা বলেন, তিনি নিজের যোগ্যতায় চাকরি নিতে চান এবং এ বিষয়ে কোনো বিশেষ সুবিধা গ্রহণ করবেন না। তবে ফিরনাসের জন্য সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান।
শম্পা জানান, আন্তর্জাতিকভাবে এই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ সহায়তার আশ্বাস পেয়ে তিনি সাক্ষাৎ শেষ করে ফিরে আসেন।





