পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য অসত্য ও সম্মানজনক নয়।

রোববার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা ভুল এবং দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়।”

মাহবুবুল আলম বলেন, ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপে রাজনাথ সিং অধ্যাপক ইউনূসকে ‘কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার’ আহ্বান জানিয়ে বলেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না এবং অধ্যাপক ইউনূসকে নিজের বক্তব্যে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।