আগামী ১২ অক্টোবর (রোববার) ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘১২ অক্টোবর রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকও নির্ধারিত রয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, ‘সভায় ভিসা জটিলতা নিরসনের উপায় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। আমরা আশাবাদী, দ্রুত এর সমাধান হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে বিপুল সংখ্যক বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা চাকরির বাজারে অতিরিক্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানো প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।’
এ ছাড়া দেশের ৯টি রেজিম কোম্পানিকে দ্রুত সময়ের মধ্যে অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।





