প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।

\r\n

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে এই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

\r\n

ড. ইউনূসের পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

\r\n

এর আগে, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ড. ইউনূসের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল।

\r\n

সূত্র জানায়, সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

\r\n

উল্লেখ্য, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।