যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আসন্ন মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম কোনো মুসলিম প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেন এই শহরে।

আগাম ভোটে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। বিনামূল্যে গণপরিবহন, সাশ্রয়ী শিশু যত্নসেবা, এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফের মতো নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রকাশ্য সমালোচক হিসেবেও পরিচিত এই প্রার্থী।

তবে মামদানির উত্থান সহজভাবে নিচ্ছে না তার বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো তাকে ‘ইসলামপন্থী’ আখ্যা দিয়ে তার প্রতিশ্রুতিগুলোকে ‘অর্থনৈতিকভাবে অবাস্তব’ বলে সমালোচনা করেছেন।

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেও তাকে ঘিরে চলছে বিতর্ক। টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের এক হাজারেরও বেশি ইহুদি ধর্মগুরু (র‍্যাবাই) এক চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে তাকে “ইহুদীবিদ্বেষ ছড়ানোর” অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইহুদি সম্প্রদায়ের ভোটারদের তাকে ভোট না দেওয়ার আহ্বানও জানানো হচ্ছে।

চিঠিতে যারা সই করেননি, তাদের নামের তালিকা প্রকাশ করে চাপ তৈরির অভিযোগও উঠেছে। পর্যবেক্ষকদের মতে, নিউইয়র্ক সিটির ইতিহাসে এই নির্বাচনটি ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা উভয় দিক থেকেই এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে।

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের মেয়র নির্বাচন