বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) তিনি প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় যুক্ত হন। সভায় তাকে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।
রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক পদচারণা শুরু অনেক আগেই। ছোটবেলায় তাকে দাদি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে দেখা যেত।
দলের শীর্ষ নেতাদের মতে, ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত বহন করছে। অনেকেই মনে করছেন, দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে।
জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল পাস করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি পাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।





