বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আঘাত এসেছে কোনো একটি পত্রিকার ওপর নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। মানুষের স্বাধীনভাবে চিন্তা করার অধিকার ও মত প্রকাশের অধিকার আবারও সংকুচিত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আঘাত করা হয়েছে গণতান্ত্রিক অধিকারকে। মতপ্রকাশের স্বাধীনতার ওপর আবার আঘাত এসেছে। একই সঙ্গে আঘাত এসেছে জুলাই আন্দোলনের চেতনার ওপর। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আজ সেই লড়াইয়ের ভিত্তিতেই আঘাত করা হচ্ছে। এ অবস্থায় কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বাইরে গিয়ে সব গণতন্ত্রকামী মানুষকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি বিশ্বাস ও দায়বদ্ধতা থেকে এই সভায় এসেছেন। ৭৮ বছরের জীবনে তিনি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। কিন্তু আজ যে বাংলাদেশ তিনি দেখছেন, তা কখনো কল্পনাও করেননি। পরিস্থিতি এতটাই স্পষ্ট যে আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা অন্ধকার থেকে আলোর পথে যেতে চান, যারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, তাদের শুধু সচেতন হলেই চলবে না। এখন রুখে দাঁড়ানোর সময় এসেছে।
শেষে তিনি বলেন, শুধু সভা বা মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে চলবে না। যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সবাইকে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে বলেও তিনি আহ্বান জানান।





