রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের ওই হামলার পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন।


\r\n

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়। কথোপকথনের সময় প্রফেসর ইউনূস গণমাধ্যম দুটি ও সেখানে কর্মরত সাংবাদিকদের ওপর চালানো সহিংসতায় ব্যক্তিগতভাবে ব্যথিত হওয়ার কথা জানান। একই সঙ্গে এই সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।


\r\n

প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের হামলা শুধু দুটি সংবাদমাধ্যমের ওপর নয়, বরং দেশের স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তার ভাষায়, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এমন ঘটনা বড় ধরনের বাধা সৃষ্টি করে।


\r\n

সংবাদপত্রের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা কখনোই সুস্থ গণতন্ত্রের জন্য কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, এই দুঃসময়ে সরকার প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।


\r\n

ফোনালাপের এক পর্যায়ে প্রফেসর ইউনূস পত্রিকা দুটির কার্যালয় ও সংশ্লিষ্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সম্পাদকদের আশ্বস্ত করেন। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিগগিরই দুই সম্পাদকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার কথাও জানান তিনি।


\r\n

এই ফোনালাপের মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয়।


\r\n

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একদল মানুষ বৃহস্পতিবার গভীর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ চালায়।

\r\n

বর্তমানে প্রথম আলো কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণ কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।