বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, দেশে প্রকল্প বাস্তবায়নের ব্যয় কমানো এখন সময়ের দাবি। তিনি বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রকল্প ব্যয় অনেক বেশি, বিশেষ করে সড়ক নির্মাণে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বও একটি বড় সমস্যা। বিলম্ব হলে ব্যয় আরও বৃদ্ধি পায়।
শনিবার ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সমস্যা শুধু খরচের মাত্রা নয়, প্রকল্পগুলো সময়মতো শেষও হয় না। কিছু প্রকল্প ১৭-১৮ বছর ধরে চলতে থাকে, যা আমরা আর বহন করতে পারব না। ভবিষ্যতে প্রকল্পগুলো আরও ব্যয় সাশ্রয়ী ও সময়মতো শেষ করতে হবে।”
ফাওজুল কবির খান আরও বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত। আগে কিছু প্রাকৃতিক গ্যাস ছিল, সেটাও ধীরে ধীরে ফুরিয়ে আসছে। দুর্নীতি ও অপচয়ের কারণে সীমিত সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। প্রকল্পগুলো সময়মতো শেষ না হওয়ায় ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এসব অবস্থা বন্ধ করতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান।





