ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


তিনি বলেন, “পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। সেটি বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।” তিনি আরও জানান, যারা এখনো নিবন্ধন করেননি তারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।


এ সময় মনোনয়নপত্র দাখিলসংক্রান্ত বিষয়গুলো নির্বিঘ্ন করতে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “তপশিলি ব্যাংকগুলো খোলা থাকলে প্রার্থীরা বা তাদের প্রতিনিধিরা ব্যাংকসংক্রান্ত প্রয়োজনীয় কাজ সহজে সম্পন্ন করতে পারবেন।”


নির্বাচনী আচরণবিধি প্রতিপালন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আমরা সবাই আচরণবিধি মেনে চলব—এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”


‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করছেন।


এদিকে বুধবার সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।


অন্যদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।