নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশের ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম সম্পন্ন করেছে।


ইসি জানিয়েছে, ডাকযোগে পাঠানো ব্যালট খামের ওপর কোনো লেখা বা রাজনৈতিক প্রচার চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি কার্ড ব্লকসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

রোববার (১০ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।

ইসির এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা সব ভোটারকে অনুরোধ করা হচ্ছে নিজ নিজ ব্যালট পেপার নিজেরাই সংগ্রহ করুন এবং ব্যালটের গোপনীয়তা রক্ষায় অন্য কারও সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার চালানো শাস্তিযোগ্য অপরাধ। এতে এনআইডি ব্লকসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত ২০ ডিসেম্বর থেকে ধাপে ধাপে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। ইসি জানায়, ৮ জানুয়ারি রাতে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রবাসী ভোটাররা ভোট প্রদান করে দ্রুত রিটার্নিং অফিসারের ঠিকানায় ব্যালট পাঠাবেন।

এদিকে দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রতীক বরাদ্দের পর তাদের কাছেও ব্যালট পাঠানো শুরু হবে। ইসির কর্মকর্তারা জানান, দেশের ভেতরে ব্যালট পাঠানো ও ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় ৭ দিন সময় লাগতে পারে।

ইসির তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।