প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো জরুরি পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা, পুশইনসহ নানা নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী একটি বাহিনী।
তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুই বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বাহিনীর ইতিহাসকে আরও মহিমান্বিত করেছে।
মুক্তিযুদ্ধের পর দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে বিভিন্ন সময়ে আত্মোৎসর্গকারী বিজিবি সদস্যদের আত্মার শান্তি কামনাও করেন ড. ইউনূস।
এ সময় তিনি বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।





