পেরুর জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাচু পিচুর কাছাকাছি এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন।
মঙ্গলবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এক ট্রেনচালক নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে বিদেশি পর্যটকরাও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সংঘর্ষের পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনায় জড়িত উভয় ট্রেনই পর্যটকদের যাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছিল।





