কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হলে তিনি পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী। এই কেন্দ্রে চকরিয়া ও পেকুয়া অঞ্চল অন্তর্ভুক্ত।
ভোটের সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্যরাও স্ব-স্ব ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “ইতিহাসের পরিবর্তনের সময় শুরু হয়েছে। আমি লাইনের শেষেই দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক। সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন।”
তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন ও প্রত্যাশায় রক্ত দিয়েছেন, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।”
সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।





