আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “বিগত বছরের তুলনায় এবার আরও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।”
সোমবার সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি মণ্ডপে নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৩৩ হাজার পূজামণ্ডপে প্রতিটিতে সাতজন স্বেচ্ছাসেবক ও আটজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সিসি ক্যামেরা স্থাপন, স্থানীয় কমিটির তদারকি এবং পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল—সব মিলিয়ে পূজার নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হয়েছে। “নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ বছর সেই সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। পূজা হবে আনন্দমুখর, নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।”





