পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তার কর্মজীবনে একাধিকবার প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে তাকে চাকরিচ্যুত এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরিতে পুনর্বহাল হন। পরবর্তীতে সুপারনিউমারারি পদে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
বাগেরহাটের বাসিন্দা আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৫তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে পুলিশে যোগ দেন। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম সরকারের সময় তাকে বরখাস্ত করা হয়। পরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।
দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ঢাকা মহানগর পুলিশ-এর উত্তরা জোনের ডিসি ছিলেন। পরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তাকে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।





