বাংলাদেশ পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনগুলোতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন, পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। তারা বিধি অনুযায়ী অবসর-সুবিধা প্রাপ্ত হবেন।”

গত ৫ আগস্টের অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর ওপর জনগণের ব্যাপক ক্ষোভ তৈরি হয়। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সহায়ক হিসেবে কাজ করার অভিযোগে সমালোচিত ছিল পুলিশ বাহিনী। জুলাই মাসে গণবিক্ষোভ দমন করতে অতিমাত্রায় সহিংস ভূমিকার জন্য পুলিশকে দায়ী করা হয়, যেখানে অনেক মানুষ নিহত ও পঙ্গু হন।

বর্তমানে অন্তর্বর্তী সরকার পুলিশের কাঠামো ঢেলে সাজাতে কাজ করছে। এরই অংশ হিসেবে বাহিনীতে বড় পরিসরে রদবদল চলছে। ফ্যাসিস্ট সরকারের সহায়ক হিসেবে বিবেচিত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।