পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে আবারও উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। একযোগে ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঠেকাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যাপকভাবে পুলিশ বাহিনী ব্যবহার করেছিল। ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে পুলিশ। দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বহু থানা কার্যত পুলিশশূন্য হয়ে পড়ে।
৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই পুলিশ বাহিনী সংস্কারে জোর দেয়। রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার ও গণমুখী বাহিনী গঠনের লক্ষ্যে শুরু হয় নতুন উদ্যোগ। ইতোমধ্যে কয়েক দফায় উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।
সরকার বলছে, পুলিশের মনোবল পুনর্গঠন, আস্থা ফিরিয়ে আনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর একটি বাহিনী গড়তে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। চলমান এই সংস্কার প্রক্রিয়া মূলত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বাস্তবায়ন হচ্ছে।





