জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখী লংমার্চে নামা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের পথ রুখেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হলে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে শিক্ষকদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।
প্রতিকারের জোরে শত শত শিক্ষক রাস্তায় বসে পড়েন। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়ক বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকদের হাতে ‘এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই’, ‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’-সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষকরা আগে ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কোনো সাড়া না পেয়ে তারা লংমার্চের ঘোষণা দেন।
তারা অভিযোগ করেছেন, সরকার দীর্ঘদিন ধরে দেশের লাখ লাখ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের উপেক্ষা করছে। শিক্ষকরা জানান, আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা না এলে আন্দোলন আরও তীব্র করা হবে।
আন্দোলনকারীরা বলছেন, তাদের একমাত্র দাবি—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
এদিন জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় প্রেসক্লাবে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান।





