পুলিশ কমিশন গঠনের জন্য প্রস্তুত করা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকের পর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়ে বলেন, নতুন এই কমিশন নাগরিক অভিযোগ তদন্ত, পুলিশ সদস্যদের অসন্তোষ নিরসনসহ বিভিন্ন বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে। ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করা হবে। তার সঙ্গে থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার কম নন এমন একজন সাবেক কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সদস্য।
কমিশনের সদস্য নির্বাচন কীভাবে হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি বাছাই কমিটি প্রার্থীদের তালিকা তৈরি করবে। সেই তালিকা পর্যালোচনা করে সরকার নিয়োগ দেবে। বাছাই কমিটিতে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি (প্রধান বিচারপতির মনোনীত), মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, পিএসসি চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব এবং জাতীয় সংসদের দুজন প্রতিনিধি।





