রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারে অবস্থিত ১৪ তলা হাজী টাওয়ারের ছয়তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে মোট ৯টি ইউনিট কাজ করে। এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবরও নিশ্চিত করা হয়নি।





