সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পিলখানা হত্যাকাণ্ড এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসি প্রদানের ঘটনায় পাশ্ববর্তী একটি দেশের সম্পৃক্ততার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
আখাউড়া উপজেলা উত্তর ইউনিয়নের উদ্যোগে আজমপুর এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়া জনসভায় ইউনিয়ন সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালক মোহাম্মদ আলীর সঞ্চালনায় তিনি বক্তব্য রাখেন।
আতাউর রহমান সরকার বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের পেছনে পাশ্ববর্তী রাষ্ট্র জড়িত ছিল। সেই দেশের সহযোগিতায় প্রহসনের বিচার করে জামায়াতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং বহু নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “২০১০ সালে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ করায় জামায়াতের নেতাদের আটক করে নির্যাতন চালানো হয়েছিল।”
জনসভায় উপস্থিত নারীদের উদ্দেশে তিনি জানান, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা হবে, এবং বাকি ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকার বহন করবে।”
জনসভায় আরও বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা আমীর মোরশেদুল আলম, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সমন্বয়ক এম এ মামুন শহীদ বাতেন, বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক দেলোয়ার হোসাইন সিদ্দিকী রুবেল এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জামাল ভূঁইয়া।
জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।