আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই প্রস্তাবের মাধ্যমে একটি সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে।

সোমবার (৩০ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।

এ্যানি বলেন, \"পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায়, তাদের দাবির পেছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। এতে কারা লাভবান হবে, তা খতিয়ে দেখতে হবে। এই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে ফ্যাসিস্টদের জন্য পথ খুলে যাবে।\"

তিনি আরও বলেন, \"জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সাহস ও মনোবল জুগিয়েছেন। বেগম খালেদা জিয়াও আমাদের প্রেরণা দিয়েছেন। এই নেতৃত্বেই বিএনপি কর্মীরা পিছপা হয়নি। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।\"

বক্তব্যে তিনি বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনের গুরুত্ব ও লক্ষ্য নিয়ে কথা বলেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।