প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতে (ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট) হবে নাকি পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে—এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলে মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি ইংরেজি দৈনিকের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’ আয়োজিত এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ‘ইনোভেশন’-এর জরিপে উঠে আসে, দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না। ২১.৮ শতাংশ পিআর পদ্ধতি চান, আর ২২.২ শতাংশ এই পদ্ধতির বিপক্ষে মত দিয়েছেন।
১০ হাজার ৪১৩ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত জরিপে আরও দেখা যায়, ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে।
এছাড়া, ৮৬.৫ শতাংশ অংশগ্রহণকারী আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সমর্থন দিয়েছেন। ৭৭.৫ শতাংশ বিশ্বাস করেন তারা নির্ভয়ে এবং নিরাপদভাবে ভোট দিতে পারবেন।
\r\n\r\n\r\n\r\n\r\n
তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৫৬ শতাংশ উত্তরদাতা। তারা জানিয়েছেন, গত ছয় মাসে দেশে চাঁদাবাজির পরিমাণ বেড়েছে বলে তারা মনে করেন।





